ইউনিলিভারকে লজিস্টিক সেবা দেবে প্রিয়শপ

১৮ আগষ্ট, ২০২৪ ১৫:০৯  

বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপের লজিস্টিক সেবা নেবে ব্রিটিশ বহুজাতিক ভোগ্যপণ্য প্রতিষ্ঠান ইউনিলিভার। বাংলাদেশে প্রতিষ্ঠানটির ‘এক্সক্লুসিভ পার্টনার’ হিসেবে এখন থেকে গাজীপুর জেলার কালিয়াকৈরে ইউনিলিভার কারখানায় উৎপাদিত সকল পণ্য প্রিয়শপের নিজস্ব লজিস্টিকের মাধ্যমে ডেলিভারি হবে।

এ নিয়ে প্রিয়শপের সিইও এবং প্রতিষ্ঠাতা আশিকুল আলম খাঁন বলেন, "প্রতিষ্ঠার শুরু থেকেই প্রিয়শপ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের মান উন্নয়ন করে যাচ্ছে এবং তাদের চাহিদা পূরণে ২৪০টিরও বেশি ব্র্যান্ডের সাথে কাজ করে যাচ্ছে। দীর্ঘসময় কাজ করার সুবাদে প্রিয়শপ লক্ষ করে দেশের বাজারে দেশী-বিদেশী ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি তাদের সাপ্লাই চেইন সমস্যায় ভুগছে এবং দেশের সব জায়গায় তাদের সেবা পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে। এতে করে দেশের কনজিউমাররা তাদের কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছে না। যার ফলে ব্র্যান্ডগুলো যেমন তাদের কাস্টমার হারাচ্ছে সেই সাথে তারা দেশীয় বাজারও হারাচ্ছে। যা দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ক্ষতিকর। এই সমস্যা সমাধানে প্রিয়শপ শুরু করেছে দেশব্যাপী ডিস্ট্রিবিউশন, যার মাধ্যমে প্রত্যেকটি ব্র্যান্ড দেশের প্রত্যেকটি অঞ্চলে তাদের সেবা পৌঁছে দিতে পারবে।"

গ্লোবাল এফএমসিজি জায়ান্ট ইউনিলিভার এর ২২টি ব্র্যান্ডের পণ্য বাংলাদেশে পাওয়া যায়। ইউনিলিভার ছাড়াও স্কয়ার, ম্যারিকো, আজিনোমোতো, পুষ্টি, রূপচাঁদা, নিউজিল্যান্ড ডেইরির মতো প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে প্রিয়শপ। প্রিয়শপ ২০২৪ সালে ৫১টি নতুন শহরে ব্যবসায় প্রসারিত করার পাশাপাশি ১ লাখ ক্ষুদ্র মার্চেন্টকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।